কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৩০০ ও ৮০০ গজ দূরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে এবং মাদকদ্রব্যগুলো কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।