লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে পার্কে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে ধরতে হুলিয়া জারি করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে তাদের সন্ধান দিতে তথ্যদাতাদের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইমস্টপার্স।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডন নগর পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন— ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার।
পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে আছেন। টাওয়ার হ্যামলেটস এলাকাশ তার যাতায়াত রয়েছে। অন্যদিকে, একই এলাকায় যাতায়াত থাকা জাহিদুল হাসান জায়গীরদার বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে ধারণা করছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ আগস্ট লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। পরে ১৮ সেপ্টেম্বর প্রকাশ্যে তথ্য চেয়ে আবেদন করার পর সন্দেহভাজনদের বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া যায়।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তাদের অবস্থান শনাক্ত করতে জনসাধারণের সহায়তাও চাওয়া হয়েছে।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাতে হোয়াইটচ্যাপেল রোড থেকে দুই ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে ‘উইভার্স ফিল্ডস’ নামের একটি পার্কে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে এক পথচারী তাকে উদ্ধার করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ফরেনসিক পরীক্ষাসহ বিভিন্ন পদ্ধতিতে তদন্ত চালায়।
ক্রাইমস্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, “ওই কিশোরী এক ভয়াবহ এবং বেদনাদায়ক আক্রমণের শিকার হয়েছে। এর জন্য দায়ি দুজন পুরুষকে শনাক্ত করা ইতিবাচক পদক্ষেপ হলেও, তাদের অবস্থান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লুকাস আরও বলেন, “ওই দুজনের অবস্থান সম্পর্কে কারও কাছে ছোট কোনো তথ্য থাকলেও আপনারা আমাদের দিতে পারেন। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।”