ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম নভেম্বর মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে টানা দ্বিতীয় মাসের মতো ভোক্তাদের আগের নির্ধারিত দামেই এসব জ্বালানি তেল কিনতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক আদেশে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
আদেশে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য বহাল রাখা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গত ২৬ অক্টোবরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছিল। পরদিন ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়। তখন ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়।
এর আগে গত ১৮ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিনের দাম ১২ টাকা বাড়িয়ে ১৩০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।