যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) উড়োজাহাজটি যাত্রা শুরু করে।
চার দিনের জাপান সফর শেষে এ দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হয়।
বিমানের ভেতরে কিছুক্ষণ অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা নেমে বিমানবন্দরের লবিতে চলে যান। পরে অন্য যাত্রীদেরও সেখানে নেওয়া হয় এবং তাদের খাবার সরবরাহ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটের কারিগরি ত্রুটি মেরামতের পর উড়োজাহাজটি নিরাপদে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের কারিগরি কর্মীরা ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। ফ্লাইটটির রাত ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানিয়েছিল বিমান কর্তৃপক্ষ। তবে ত্রুটির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও বিলম্বের কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেন। যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিকেল সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”
পরে বিকেল সোয়া ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, “মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।”
বিমানটির এক যাত্রী জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে উড়োজাহাজটি চলতে শুরু করে। পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল কারিগরি ত্রুটির কথা জানিয়ে যাত্রীদের ধৈর্য ধরতে বলেন।
ওই যাত্রী বলেন, “৬টা ১৭ মিনিটে বিমান চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন’। এর ৪০ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন’।”
পরে রাত ৮টার দিকে ক্যাপ্টেন আরও সময় লাগার কথা জানান বলে ওই যাত্রী জানান। তার ভাষ্য, “ক্যাপ্টেন ইমামুল রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ঘোষণা দেন, ‘কাজ চলছে, তবে আরও সময় লাগবে’। আপনাদের লবিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের কিছুক্ষণ অবস্থান করার ব্যবস্থা করা হচ্ছে।”
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।