শুক্রবার, 30 অক্টোবর 2026
সকল বিভাগ

পাবনায় শ্রমিক লীগের নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

পাবনায় শ্রমিক লীগের নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
পাবনা জেনারেল হাসপাতালে নিহত দুজনের মরদেহ। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— পুষ্পপাড়া হাটের ইজারাদার ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম হাজী (৫৫) এবং তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে থাকা প্রাথমিক তথ্যমতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর গুলি বর্ষণ করেছে। এতে দুজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।