বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
মাহদী আমিন জানান, বন্যাকবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে বৈঠক করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে।
এ ছাড়া দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।