রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ১৬৫ বছরের পুরোনো ব্যাংকনোট নকশার ইতিহাসে এবার আসছে নজিরবিহীন পরিবর্তন—প্রথমবারের মতো কাগজের মুদ্রায় যুক্ত হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর।

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ১৬৫ বছরের পুরোনো ব্যাংকনোট নকশার ইতিহাসে এবার আসছে নজিরবিহীন পরিবর্তন—প্রথমবারের মতো কাগজের মুদ্রায় যুক্ত হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর।

শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তা বাজারে আসবে।

নতুন নোটে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি চালুর পর এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর সরাসরি মার্কিন নোটে স্থান পাচ্ছে।

এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের একটি ঐতিহ্যও ভেঙে যাচ্ছে। এতদিন মার্কিন ব্যাংকনোটে ট্রেজারি কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়ে আসছিল, যা প্রায় দেড় শতাব্দী ধরে চলমান ছিল। নতুন নকশায় সেই ধারায় পরিবর্তন আসছে।

বর্তমান ট্রেজারার ব্র্যান্ডন বিচ সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এটি প্রেসিডেন্টের নেতৃত্ব ও দেশের প্রতি তার নিবেদনকে প্রতিফলিত করবে। অন্যদিকে সাবেক ট্রেজারার লিন মালেরবা ছিলেন সেই দীর্ঘ ধারার শেষ প্রতিনিধি, যার স্বাক্ষর ১৮৬১ সাল থেকে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের মুদ্রায় দেখা গেছে। তবে আগের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও নতুন সিরিজের পাশাপাশি প্রচলনে থাকবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, দেশের ঐতিহাসিক অর্জন ও প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার দাবি অনুযায়ী, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ডলারের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার পথে এগোচ্ছে, যা এই নকশায় প্রতিফলিত হওয়া যৌক্তিক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের নাম ও অবদান জনসাধারণের কাছে তুলে ধরার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন পেয়েছে একটি ফেডারেল আর্টস প্যানেল।

বিদ্যমান মার্কিন আইনে মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়াতে নকশা পরিবর্তনের ক্ষমতা ট্রেজারি বিভাগের রয়েছে। তবে কিছু নিয়ম—যেমন ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা এবং মৃত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার—অপরিবর্তিত থাকবে। ফলে নোটের মূল নকশা ও চিত্রে বড় পরিবর্তন না হলেও কেবল ট্রেজারারের স্থানে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হবে।

এদিকে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার নিষিদ্ধ থাকায় ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলারের কয়েন বাজারে আনার উদ্যোগ আইনি জটিলতায় পড়েছে। তবে কাগজের নোটে স্বাক্ষর যুক্ত করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আগামী গ্রীষ্মেই নতুন নকশার এই মুদ্রা দেশজুড়ে প্রচলনে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: টেলিগ্রাফ অনলাইন