রাজবাড়ীর ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ছোট-বড় সব ধরনের যানবাহনের চালকরা তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ফলে শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চালকদের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও মাইক্রোবাস চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেও পাম্পে তেল না থাকায় ফিরে যাচ্ছেন। পাম্প কর্তৃপক্ষ জানায়, গত রবিবার ডিপো থেকে যে পরিমাণ তেল এসেছিল, তা শেষ হয়ে গেছে। রাত থেকেই পাম্পে কোনো জ্বালানি নেই, ফলে কর্মচারীরাও অলস সময় কাটাচ্ছেন।
বর্তমানে রাজবাড়ীর এই ফিলিং স্টেশনে ডিজেল, অকটেন ও পেট্রল—কোনো ধরনের জ্বালানি নেই। দুই-একটি পাম্পে সামান্য পরিমাণ তেল থাকলেও তা সীমিতভাবে বিক্রি করা হচ্ছে।
তেল নিতে আসা মোটরসাইকেল চালক রেজাউল করিম ও মাইক্রোবাস চালক শহিদুল ইসলাম জানান, সারাদিন যানবাহন ব্যবহার করে বিভিন্ন কাজে যেতে হয়, কিন্তু তেল না থাকায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। তারা সরকারের প্রতি দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রাজবাড়ী ফিলিং স্টেশনের হিসাবরক্ষক বাবুল আলী মৃধা বলেন, “গতকাল ডিপো থেকে অল্প পরিমাণ ডিজেল এসেছে। তবে অকটেন ও পেট্রল এখনও আসে নি। তেল এলে বিক্রি পুনরায় শুরু হবে।”