শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গানার্সদের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গানার্সদের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে সিটির জয়ের বিকল্প ছিল না। কিন্তু বোর্নমাউথ তাদের সেই সুযোগ দেয়নি। এই ড্রয়ের ফলে বোর্নমাউথ ঘরোয়া লিগে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে। একই সঙ্গে ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপিয়ান ফুটবলে জায়গা নিশ্চিত করে দলটি।

গত তিন মৌসুম ধরে রানার্সআপ হওয়া আর্সেনাল এবার শেষ পর্যন্ত শিরোপা ছুঁতে সক্ষম হলো। মিকেল আর্তেতার দলের ছয় বছরের শিরোপা-খরাও শেষ হলো এই জয়ে।

এর আগে সোমবার বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে চলে গিয়েছিল আর্সেনাল। সেই জয়ে তারা সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল। মৌসুমের বেশিরভাগ সময় টেবিলের শীর্ষে থাকা দলটি এক পর্যায়ে সিটির কাছে হেরে গেলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। এরপর টানা চারটি লিগ ম্যাচ জিতে এবং একটিও গোল না খেয়ে শিরোপা নিশ্চিত করে।

সিটির জন্য এটি কঠিন এক সমাপ্তি। শনিবার এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে ঘরোয়া কাপ ডাবল জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই জানা যায়, মৌসুম শেষে কোচ পেপ গার্দিওলা দায়িত্ব ছাড়ছেন। সেই খবর দলটির ওপর বড় প্রভাব ফেলেছে।

ওয়েম্বলির সেই জয়ে গার্দিওলার ক্যারিয়ারে ২০তম শিরোপা এলেও প্রিমিয়ার লিগের ট্রফি এবার অধরাই রইল। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই সম্ভবত সিটির কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

বোর্নমাউথের মাঠে শুরু থেকেই সিটির সমর্থকেরা ‘আরও এক বছর, গার্দিওলা’ স্লোগান দিলেও ফল বদলায়নি।

ম্যাচের ৩৯ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন এলি জুনিয়র ক্রুপি। দারুণ এক শটে টপ কর্নারে বল পাঠিয়ে তিনি গোল করেন। প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের ১৩ গোলের নতুন রেকর্ডও গড়েন তিনি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিটির নিকো ও’রেইলি। তার শট রুখে দেন গোলরক্ষক জর্জে পেত্রোভিচ।

যোগ করা সময়ে আর্লিং হ্যালান্ড গোল করে সমতা ফেরালেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই ড্রতেই শেষ হয় সিটির শিরোপা স্বপ্ন।

টানা দুই মৌসুম লিগ জিততে না পারার অভিজ্ঞতা গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম।