মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

৩০ কার্যদিবসের আল্টিমেটাম: বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

৩০ কার্যদিবসের আল্টিমেটাম: বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের অবস্থান ।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

শুক্রবার ( ২ জানুয়ারী ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চ জানায়, গত ২৬ ডিসেম্বর থেকে তারা শাহবাগে ধারাবাহিকভাবে হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে। এরই মধ্যে ২৯ ডিসেম্বর ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে একটি অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণাও দেয় সংগঠনটি। সর্বশেষ শুক্রবার আবারও শাহবাগে অবস্থান নেয় তারা।

সরেজমিনে দেখা যায়, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের নেতারা হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ওসমান হাদিকে হত্যার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল। ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না। দিল্লির তাঁবেদারি করা যাবে না। সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে।