বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম সাজেদুল ইসলাম শোয়েব (৩৭)। তিনি রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রংপুর মহানগরীর খাসবাগ থেকে রেলস্টেশনগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠনটি তাকে বহিষ্কার করে। শনিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নূর হাসান সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও মাদকসহ তার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শোয়েব জানিয়েছেন, দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে এই মাদক সরবরাহ করে। পরিকল্পনা ছিল, চালানটি ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য একজনের কাছে পৌঁছে দেওয়া হবে।