ঢাকা থেকে হাতিয়াগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সুগন্ধা’ মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডুবোচরে উঠে গেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের পূর্ব-দক্ষিণ দিকের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন যাত্রী দিনভর লঞ্চের ভেতরে আটকা পড়ে মানবেতর সময় কাটাচ্ছেন।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোরে ঘন অন্ধকার আর প্রচণ্ড বেগের ঝোড়ো বাতাসের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লঞ্চটি ‘বগার চর’ নামের একটি ডুবোচরে উঠে বালিতে আটকে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে কান্নাকাটি শুরু করেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও লঞ্চটি উদ্ধার না হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
লঞ্চের যাত্রী ও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমান চন্দ্র আচার্য জানান, দুপুরে জোয়ার এলেও পানির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। ফলে সন্ধ্যা পর্যন্ত যাত্রীরা ওই নির্জন চরেই আটকা ছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাতিয়া উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্ট গার্ডকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে উদ্ধার অভিযানের সুনির্দিষ্ট কোনো অগ্রগতি জানা যায়নি। ঝোড়ো আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।