শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রবল ঘূর্ণিঝড় ‘আভকান’: টানা দুদিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

এই ঝড়ের ফলে বাংলাদেশে সরাসরি কোনো বড় বিপদের আশঙ্কা না থাকলেও সাগর অত্যন্ত উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘আভকান’: টানা দুদিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ তীব্র বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের পানে ধেয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুরের দিকে এটি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঝড়ের ফলে বাংলাদেশে সরাসরি কোনো বড় বিপদের আশঙ্কা না থাকলেও সাগর অত্যন্ত উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে এসব এলাকায় চব্বিশ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটায় প্রকাশিত আবহাওয়ার বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে কিছুটা অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। আজ সকাল ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে আগামীকাল ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বিশেষ ওই বার্তায় আরও জানানো হয়েছে, প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। গভীর মেঘমালার কারণে দেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।