বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

তথ্য সংগ্রহের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে গণশুনানির আয়োজন করা হবে।

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব ধরনের মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে এবং এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এ তথ্য প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর জানান, তথ্য সংগ্রহের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং নিপীড়নের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয়, ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল, সংগঠন এবং ভুক্তভোগী আহত ও নিহতদের স্বজনদের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। প্রস্তাবিত এই গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের প্রমাণ ও তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার বিষয়ে পূর্বে মামলা হয়ে থাকলে সেগুলোর নথিপত্র ও রেকর্ড যাচাই করা হবে এবং মামলা না হয়ে থাকলে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারগুলোকে শনাক্ত করা হবে। পরবর্তীতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উপযোগী কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে।

গণশুনানি শুরুর স্থান ও সময়সূচি প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগামী ২৬ নভেম্বর যশোর জেলা থেকে এই কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখটি পরিবর্তিত হতে পারে এবং সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কর্মসূচিটি শুরু করা হবে। যেকোনো পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এই গণশুনানি শুরু হবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

দেশব্যাপী এমন গণশুনানির গুরুত্ব ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে, যার অনেকগুলোরই মামলা বা অভিযোগ রয়েছে। আবার এমন বহু ভুক্তভোগী পরিবার রয়েছে যারা ভয় বা পারিপার্শ্বিক কারণে এখনো মামলা দায়ের করতে পারেনি, অথচ অভিযুক্ত অনেক অপরাধী এখনো সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে পরিবারগুলোর কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে।

এসব অপরাধীকে বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠবে। এর মধ্য দিয়ে জাতির কাছে এই স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হবে যে, বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে আর কখনোই কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে দেওয়া হবে না। সবশেষে গণশুনানির আইনি ভিত্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার নিজস্বভাবে তদন্ত পরিচালনা এবং অভিযোগ গঠনের পূর্ণ আইনি এখতিয়ার রয়েছে, তাই এই কর্মসূচি সম্পূর্ণ আইনানুগ এবং এর সুস্পষ্ট আইনি ম্যান্ডেট বিদ্যমান।ও