শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

বিদেশে ভ্রমণকারীদের নগদ ডলার ক্রয়ের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নতুন এই নীতিমালার ফলে গ্রাহকরা মানি চেঞ্জার থেকেই বাড়তি নগদ ডলার সংগ্রহ করতে পারবেন, যার ফলে ডলার এনডোর্সমেন্টের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমবে।

বিদেশে ভ্রমণকারীদের নগদ ডলার ক্রয়ের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা নগদায়নের নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় এখন থেকে অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ (নোট ও কয়েন) বিক্রি করতে পারবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (FEPD-2) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পূর্বের নিয়ম অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্যাশ বিক্রি করার বাধ্যবাধকতা ছিল। নতুন এই নীতিমালার ফলে গ্রাহকরা মানি চেঞ্জার থেকেই বাড়তি নগদ ডলার সংগ্রহ করতে পারবেন, যার ফলে ডলার এনডোর্সমেন্টের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার (Travel Entitlement) অবশিষ্ট অংশ গ্রাহকদের চাহিদানুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা আগের মতোই বহাল থাকবে। বিদেশগামী সাধারণ মানুষের বৈদেশিক মুদ্রা সংগ্রহ ও এনডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সহজ এবং গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।