সরকারি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আদেশ অনুযায়ী, কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তা কিংবা চিকিৎসকদের সুনির্দিষ্ট কারণ ফয়সালা না হওয়া পর্যন্ত তাঁদের মাসিক বেতন সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে শতভাগ ই-হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক ফেস রিকগনিশন আধুনিক প্রযুক্তি বাস্তবায়নের নির্দেশনা জারি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুশাসন এবং পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অধীনস্থ সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্থাপিত বায়োমেট্রিক যন্ত্রসমূহ দ্রুত সচল করতে হবে। একই সাথে কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি তদারকি করতে ফেস রিকগনিশন প্রযুক্তির সংযোজন ঘটানো হবে। প্রতিটি হাসপাতালের সংশ্লিষ্ট বাজেট ও হিসাব কর্মকর্তা কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই সাপেক্ষে বেতন বিল চূড়ান্ত করবেন।
আদেশে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যথাযথ অনুমতি ছাড়া কোনো চিকিৎসক বা কর্মী কাজে অনুপস্থিত থাকলে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তাঁর বেতন ছাড় করা যাবে না। এর পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালকে সাপ্তাহিক ভিত্তিতে ই-হাজিরা সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগে পাঠাতে বলা হয়েছে।