রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা স্থায়ী করা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর চলমান নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে উত্থাপিত সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সরকারের চারজন সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশটি প্রেরণ করেন।

মন্ত্রিপরিষদ সচিবসহ পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে পাঠানো এই নোটিশে উল্লিখিত দাবিগুলো কেন বাস্তবায়ন করা হবে না, তার জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রস্তাবিত ওই রিটে রুল জারি এবং দাবিগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, দলটির ওপর নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট আইনি ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে আইন পাস করতে হবে, আর সংসদ অধিবেশন চালু না থাকলে অধ্যাদেশ জারি করতে হবে। এর পাশাপাশি নিষিদ্ধ কর্মকাণ্ডে আর্থিক জোগান দেওয়া বা দল সংগঠিত করার অপরাধে শাস্তির ব্যবস্থা, সম্পদ জব্দ করা এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বর্তমান অথবা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ৯০ দিন মেয়াদি একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিও তুলে ধরা হয়েছে নোটিশে। এই কমিশন সহিংসতায় অর্থের জোগানদাতা এবং এর পেছনে কোনো বিদেশি যোগসূত্র বা মদদ আছে কি না, তা অনুসন্ধান করে প্রাপ্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ ও জাতিসংঘে প্রেরণ করবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট সরকারগুলোকে এই নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের অধীনে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে অবহিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আওয়ামী লীগকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারকে আহ্বান জানানো হয়েছে নোটিশে।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর প্রযোজ্য ধারা অনুযায়ী জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কর্মকাণ্ডে অর্থায়ন, সংগঠন বা সহযোগিতাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছেন ওই আইনজীবী। তবে সাধারণ ও বৈধ রাজনৈতিক মতাদর্শ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের গঠনমূলক সমালোচনাকে যেন কোনোভাবেই শাস্তির আওতায় আনা না হয়, সে বিষয়টি নোটিশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।