দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার ৮০ শতাংশ পদেই নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার রাজধানী ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভস’ বা আইদেশির বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতের প্রতি যথাযথ মনোযোগ ও অবহেলার কারণে রোগ প্রতিরোধের কার্যকর ব্যবস্থাগুলো সেভাবে বিকশিত হয়নি। এর ফলে আজ দেশের নব্বই হাজারের বেশি গ্রামের অসংখ্য নারী সহজেই প্রতিরোধযোগ্য নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সচেতনতা ও প্রতিরোধের এই বার্তা পৌঁছে দিতে হলে বস্তুনিষ্ঠ গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনগণের আস্থা অর্জন জরুরি উল্লেখ করে তিনি বলেন, বিগত এক যুগ ধরে আইদেশি অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজটিই করে চলেছে। কাজের গতি কিছুটা শ্লথ হওয়ায় তরুণ প্রজন্ম কখনো কখনো হতাশ হতে পারে উল্লেখ করে তিনি তাদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের এই নিরলস প্রচেষ্টা অসংখ্য মানুষকে একটি সুন্দর ও সুস্থ জীবন উপহার দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের পুরো স্বাস্থ্যকাঠামোতে আমূল রূপান্তর আনতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বেশ কিছু বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মধ্যে রোগ বাসা বাঁধার আগেই তা প্রতিরোধ করা এবং দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। একটি আধুনিক ও জনমুখী স্বাস্থ্যখাত গড়ে তুলতে সরকার ইতোমধ্যে পাঁচটি সুনির্দিষ্ট খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ গবেষণার পরিধি বাড়ানো, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে পুরো ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা, ওষুধ শিল্পে আধুনিক উদ্ভাবন ও বায়োটেকনোলজির ব্যবহার বাড়ান, ডিজিটাল হেলথ সার্ভিস ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটানো এবং সামগ্রিক স্বাস্থ্য গবেষণার জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করা।