স্বাধীন ধারার চলচ্চিত্র প্রদর্শন এবং নির্মাতা ও দর্শকের নিবিড় মেলবন্ধনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া প্ল্যাটফর্ম ফিল্ম ফিয়েস্তা সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষে পা দিয়েছে।
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৮ আগস্ট যাত্রা শুরু করা এই বিশেষ উদ্যোগটি তার প্রথম বছর পেরিয়ে এক নতুন অধ্যায়ে পদার্পণ করলো। মূলত প্রথাগত চলচ্চিত্র উৎসবের গণ্ডি পেরিয়ে নিয়মিত স্ক্রিনিং এবং খোলামেলা আলোচনার মধ্য দিয়ে স্বল্পদৈর্ঘ্য ও বিকল্প ধারার চলচ্চিত্রকে মূলধারার দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি গঠিত হয়েছিল।
উদ্যোক্তা আহনাফ তাজওয়ার হক এবং মাহজুবা তাজরী দেশে স্বাধীন চলচ্চিত্র চর্চায় এক ভিন্ন আমেজ তৈরি করার অভিপ্রায় নিয়ে ফিল্ম ফিয়েস্তার সূচনা করেন। তারা এমন একটি উন্মুক্ত পরিসর গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে চলচ্চিত্র কেবল বিনোদনের অনুষঙ্গ হয়ে থাকবে না; বরং গল্প বলার শক্তিশালী মাধ্যমে পরিণত হবে। প্রথাগত প্রতিযোগিতামূলক মানসিকতা কিংবা শুধু পুরস্কার প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, দর্শক ও নির্মাতাদের মধ্যে গভীর আলাপচারিতা গড়ে তোলাই ছিল এর মূল দর্শন। প্রথম কিস্তি থেকেই এই প্ল্যাটফর্মটি ভিন্ন ভিন্ন থিম ও নান্দনিক দিক বিবেচনা করে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শন করে আসছে।
সংগঠনটি মূলত তরুণ ও উদীয়মান স্বাধীন নির্মাতাদের কণ্ঠস্বরকে প্রস্ফুটিত করতে একটি আস্থার জায়গা হিসেবে কাজ করছে। সমাজের নানা বাস্তবতা ও বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলোকে চলচ্চিত্রে তুলে আনার পাশাপাশি সেগুলোকে দর্শকের সামনে উপস্থাপন করাই এর অন্যতম উদ্দেশ্য। এই প্রক্রিয়ায় দেশীয় চলচ্চিত্রের প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশীয় স্বাধীন নির্মাতাদের কাজ পৌঁছে দিতে কাজ করছে সংগঠনটি। বর্তমানে অ্যালিয়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার সঙ্গে যৌথভাবে কাজ করার পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গেও এর সহযোগিতা বিস্তৃত হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের একটি নির্ভরযোগ্য সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে ফিল্ম ফিয়েস্তার। মূলধারার বাইরে থাকা সৃষ্টিশীল ভাবনায় শৈল্পিক স্বাধীনতা বজায় রাখা এবং ভিন্নধারার কাজগুলোকে সর্বজনীন করে তোলাই এর মূল ভাবধারা। সফলতার একটি বছর পার করে দ্বিতীয় বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে, প্ল্যাটফর্মটি দেশীয় স্বাধীন চলচ্চিত্রকে বিশ্বজুড়ে বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।