মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

পরিবেশবান্ধব পর্যটন সচেতনতায় শাফাত উদ্দিন তমালের ভিন্নধর্মী উদ্যোগ

ব্যক্তিগত ভ্রমণের সময় স্থানীয় শিশুদের সঙ্গে আলাপচারিতা থেকে অনানুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উদ্যোগ আজ এক নিয়মিত শিক্ষামূলক প্রয়াসে রূপ নিয়েছে।

পরিবেশবান্ধব পর্যটন সচেতনতায় শাফাত উদ্দিন তমালের ভিন্নধর্মী উদ্যোগ
দেশে পর্যটন খাতের পরিধি দিন দিন সম্প্রসারিত হলেও পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটন চর্চার বিষয়টি এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অথচ দীর্ঘমেয়াদে প্রকৃতির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। পর্যটন শিল্পের এই রূপান্তরের তাগিদ থেকেই পেশাগত পরিচয়ের বাইরে গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দিতে আত্মনিয়োগ করেছেন ট্যুর অপারেটর সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল।

গত প্রায় ১৭ বছর ধরে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশবান্ধব ভ্রমণ সংস্কৃতিতে দীক্ষিত করতে তিনি পাঁচ সহস্রাধিক শিশুকে এই সচেতনতামূলক প্রক্রিয়ায় যুক্ত করেছেন। সুদীর্ঘ এই নিঃস্বার্থ প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এক বিদেশি পর্যটক তাকে টেকসই পর্যটন শিক্ষাবিদ হিসেবে ভূষিত করেন। তোমাল মনে করেন, শৈশবের শিক্ষাই পারে এমন একদল পর্যটনপ্রেমী ও পেশাজীবী গড়ে তুলতে, যারা নিছক বাণিজ্যিক মুনাফার পেছনে না ছুটে প্রাকৃতিক ভারসাম্য, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি পরম শ্রদ্ধাশীল হবে।



ব্যক্তিগত ভ্রমণের সময় স্থানীয় শিশুদের সঙ্গে আলাপচারিতা থেকে অনানুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উদ্যোগ আজ এক নিয়মিত শিক্ষামূলক প্রয়াসে রূপ নিয়েছে। প্রচলিত চারদেয়ালের শ্রেণিকক্ষের বাইরে গিয়ে তিনি বাস্তব অভিজ্ঞতা, ভিজ্যুয়াল কনটেন্ট এবং রোমাঞ্চকর গল্পের মাধ্যমে শিশুদের আবহাওয়ার পরিবর্তন, প্রাণিকুল রক্ষা এবং পরিচ্ছন্ন ভ্রমণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেন। একই সাথে পর্যটনকে ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নেওয়ার অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি ভ্রমণস্থলে ব্যক্তিগত দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, নিছক ব্যবসায়িক চিন্তার বাইরে গিয়ে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়াই পর্যটনের আসল সৌন্দর্য।

শিক্ষার্থীদের সংখ্যার চেয়ে তাদের ব্যক্তিগত আচরণে ইতিবাচক রূপান্তর ঘটানোই এই উদ্যোক্তার প্রধান লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, তার অনুপ্রেরণায় যদি একটি শিশুও উন্মুক্ত স্থানে ময়লা ফেলা বন্ধ করে কিংবা বন্যপ্রাণীদের উত্ত্যক্ত না করার শিক্ষা পায়, তবে সেটাই এই কাজের প্রকৃত সার্থকতা। পাঠদানের পাশাপাশি তিনি শিশুদের সরাসরি প্রাকৃতিক বনভূমি ও পর্যটন এলাকায় নিয়ে যান এবং নিজ হাতে প্লাস্টিক বর্জ্য, পলিথিন ও খাবারের ফেলে দেওয়া প্যাকেট অপসারণের মতো হাতে-কলমে পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত করেন। এর ফলে প্রকৃতি সুরক্ষার দায়িত্ব যে এককভাবে কোনো কর্তৃপক্ষের নয় বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়, সেই বোধটি শিশুমনে স্থায়ী রূপ পায়।

পেশাগত দায়বদ্ধতার সাথে এই সামাজিক কাজকে অবিচ্ছেদ্য মনে করেন তোমাল। তার ভাষ্য অনুযায়ী, একজন গাইড বা অপারেটর হিসেবে তিনি মানুষকে আকর্ষণীয় গন্তব্যে পৌঁছে দেন, আর একজন সচেতন নাগরিক হিসেবে ভ্রমণস্থলে তাদের করণীয় আচরণ সম্পর্কে দিকনির্দেশনা দেন। এতে স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি পর্যটন থেকে টেকসই অর্থনৈতিক সুফল নিশ্চিত করা সম্ভব হয়। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়েও আত্মিক তৃপ্তি হিসেবে দেখেন তিনি।

আগামী দিনে দেশের প্রতিটি প্রধান পর্যটন অঞ্চলে এই সচেতনতাকে একটি কার্যকর গণ-আন্দোলনে রূপ দেওয়ার স্বপ্ন বুনছেন তোমাল। মাঠপর্যায়ের নানা কর্মশালার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ও তরুণ স্বেচ্ছাসেবকদের কাজে লাগিয়ে এই শিক্ষাকে আরও বিস্তৃত করতে চান তিনি। তার দৃঢ় বিশ্বাস, পর্যটনে অবকাঠামোগত উন্নয়নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো একজন সচেতন ও সংবেদনশীল ভ্রমণকারী গড়ে তোলা। আজকের সচেতন শিশুই আগামী দিনের পর্যটন অঙ্গনের কর্ণধার হয়ে হাজারো পর্যটককে পরিবেশবান্ধব হতে পথ দেখাবে, আর এই পরিবর্তনের চেইন রিঅ্যাকশনই দীর্ঘমেয়াদে দেশের পর্যটন শিল্পকে টেকসই করে তুলবে।