বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে কাটাকাটি ও জালিয়াতির আশ্রয় নিয়ে এক প্রার্থীকে চাকরির ব্যবস্থা করার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে এই মামলায় সরোয়ার হোসেন নামের অপর এক অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। অন্যদিকে অভিযুক্ত সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০ জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে রেকর্ড কিপার পদে নিয়োগের নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বিভিন্ন ধারায় দুই বছর এবং সাবেক পূর্বাঞ্চল এসডব্লিউও গোলাম কিবরীয়াকে বিভিন্ন ধারায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিচারক। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে পলাতক থাকা ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি দপ্তরে রেকর্ড কিপার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই পদের বিপরীতে ১০৯ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরের বছর ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হয়, যেখানে ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তরপত্র মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগে বলা হয়েছে, পরীক্ষক শিক্ষকদের প্রস্তুতকৃত নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। এরপর মূল নম্বরপত্রে ঘষামাজা এবং ওভাররাইটিংয়ের মাধ্যমে নম্বর বদলে ফেলা হয়।
দুদকের তদন্তে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেয়েছিলেন, কিন্তু তা ঘষামাজা করে ৪০ করা হয়। বিপরীতে নিয়োগপ্রাপ্ত মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বৃদ্ধি করে ৩৭ দশমিক ৫ করা হয়। ফলে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরের হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে যান। পরবর্তীতে তাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।
এই অনিয়মের ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছিল।