বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান ঘিরে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি বহর পাঠাচ্ছে ওয়াশিংটন

নতুন এই দল পৌঁছালে অক্টোবরের শেষ ভাগে অঞ্চলটিতে একযোগে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি দেখা যেতে পারে।

ইরান ঘিরে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি বহর পাঠাচ্ছে ওয়াশিংটন
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে বিশেষ উভচর ইউনিটসহ তৃতীয় একটি বিমানবাহী রণতরি বহর পাঠাচ্ছে পেন্টাগন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে তীব্র সামরিক পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাবিক ও মেরিন সেনা মিলিয়ে নতুন এই বহরে প্রায় ৯ হাজার সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ পদক্ষেপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানের দ্রুত পরিবর্তনের বিষয়টি প্রকাশ পাচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ট্রাম্প আভাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সময়ে তেহরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বিস্তৃত করা এখনো একটি কার্যকর বিকল্প সিদ্ধান্ত। অথচ এই সংঘাতের সূচনালগ্নে অভিযানটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার কথা বলা হয়েছিল।

নতুন যে নৌবহরটি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে, তাতে সাত হাজারের অধিক নাবিকের পাশাপাশি দুই হাজার মেরিন সেনা রয়েছে। এই বহরে মূলত রয়েছে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ড উভচর প্রস্তুতি দল, যার সঙ্গে যুক্ত আছে দুটি ল্যান্ডিং শিপ।

পেন্টাগনের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন এই দল পৌঁছালে অক্টোবরের শেষ ভাগে অঞ্চলটিতে একযোগে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি দেখা যেতে পারে। এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন নৌবাহিনীর মোট সদস্যসংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে এবং সেখানে শত শত যুদ্ধবিমান সক্রিয় থাকবে। এর আগে চলতি বছরের এপ্রিলে প্রায় দুই দশক পর প্রথমবারের মতো অঞ্চলটিতে একসঙ্গে তিনটি রণতরি স্ট্রাইক গ্রুপ জড়ো করেছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস গ্রুপ দায়িত্ব পালন করছে।

সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়োজিত থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সাময়িকভাবে আনা হয়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করতে, যার নাবিকরা বিরতিহীনভাবে আড়াই শতাধিক দিন সাগরে দায়িত্ব পালন করেছেন। নতুন করে থিওডোর রুজভেল্ট বহরে যোগ দিলে জর্জ ওয়াশিংটন পুনরায় জাপানের সমুদ্রসীমায় ফিরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে সুনির্দিষ্ট সামরিক কৌশল বা নিশানা নিয়ে বিস্তারিত বলতে তিনি অস্বীকৃতি জানান। তিনি আরও নিশ্চিত করেন যে, তেহরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির রূপরেখা তিনি নাকচ করে দিয়েছেন। কৌশলগত হরমুজ প্রণালি পুরোপুরি সচল রাখার প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রস্তাবটিকে অপর্যাপ্ত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

জনমত জরিপে চলমান এই সংঘাত রিপাবলিকান পার্টির নির্বাচনী সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প জানান, বিষয়টি ক্ষতিকর হলেও জাতীয় নিরাপত্তার নিরিখে তা জরুরি। বিশ্ববাসী কখনো ইরানের পারমাণবিক অস্ত্রের বিস্তার সমর্থন করে না উল্লেখ করে তিনি দাবি করেন, তেহরানকে পরমাণু সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার এই বার্তাটি যথাযথভাবে তুলে ধরতে পারলে তা উল্টো ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।