বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানান, রবিবার থেকেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এই নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ চালু হচ্ছে।

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। আগে থেকেই বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি বর্তমানে আরও প্রকট আকার ধারণ করেছে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রবিবার (২২ নভেম্বর) থেকে সারা দেশে রেশনিং বা পর্যায়ক্রমিক লোডশেডিং কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরানি প্রশাসন।

ইরানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানান, রবিবার থেকেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এই নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ চালু হচ্ছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, অঞ্চলভেদে প্রতি দুই দিন অন্তর প্রায় দুই ঘণ্টা কিংবা ক্ষেত্রবিশেষে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে দায়ী করেছেন। তিনি উল্লেখ করেন, ইরানের জ্বালানি ও গ্যাস অবকাঠামোগুলোতে চালানো হামলার কারণে শীত মৌসুম শুরুর আগেই চলমান জ্বালানি ঘাটতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে গ্যাস সরবরাহ ব্যবস্থায় আঘাত হানায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে বলে জানান তিনি। আসন্ন শীতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও দেশবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট।

বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের অন্যতম বৃহৎ ভাণ্ডার থাকা সত্ত্বেও ইরান দীর্ঘকাল ধরে নিজস্ব অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন নেটওয়ার্ক অত্যন্ত সেকেলে হয়ে পড়েছে। দীর্ঘ বছর ধরে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব এবং কয়েক দশক ধরে চলমান পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই খাতের আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এর ওপর সাম্প্রতিক যুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস স্থাপনাগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকটটি আরও জটিল আকার ধারণ করেছে। ফলে আসন্ন শীতকালে আবাসিক গ্রাহকদের পাশাপাশি দেশটির শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে পারে বলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।