সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে কক্সবাজার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, চলমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব বার্তা দেন। জেলাটিকে একটি সুবিন্যস্ত মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার রোধে সরকারের জিরো টলারেন্স নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। একই সাথে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যৌথ উদ্যোগ বজায় রাখার কথা জানান তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসকের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় মাদকদ্রব্য, অস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সারের অবৈধ পাচার রোধে কঠোর অবস্থানের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি পর্যটন এলাকার যানজট নিরসন, মানবপাচার প্রতিরোধ এবং সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অননুমোদিত রিসোর্ট নির্মাণ বন্ধে জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত হয়। সীমান্ত ও স্পর্শকাতর স্থানগুলোতে বিজিবি, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বিত বিশেষ টহল ও যৌথ অভিযান জোরদার করার বিষয়েও একমত হন অংশগ্রহণকারী উচ্চপদস্থ কর্মকর্তারা।