দেশের যেকোনো খাদ্যগুদামে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি জানান, দেশের প্রতিটি জেলার খাদ্যগুদামগুলো পর্যায়ক্রমে সরেজমিনে পরিদর্শন করা হবে এবং যেকোনো ধরনের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রয়াত নেতা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত নিখরচায় চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করা এবং জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান সঠিক রাখা আবশ্যক, তাই খাদ্য নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তার মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। গুদামগুলোতে শস্য সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গুদামে অনিয়ম ধরা পড়ার সাথে সাথেই দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশে প্রয়োজনীয় খাদ্যের প্রাচুর্য রয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো সম্ভাব্য দুর্যোগ বা বৈশ্বিক সংকট সামাল দিতে সরকার পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রেখেছে। একই সাথে বাজার ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে।
সার সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে সারের পর্যপ্ত মজুতের চিত্র উঠে এসেছে, তবে স্থানীয় পর্যায়ে বিতরণ ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয়হীনতা থাকতে পারে। সরকার কৃষকদের হাতে সময়মতো সার ও কৃষি উপকরণ পৌঁছে দিতে বদ্ধপরিকর, ফলে চলতি রোপা আমন মৌসুমে চাষিদের সার নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে হবে না।
পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজিরহাট নৌরুটে 'ওয়াই-প্যাটার্নে' দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সম্পর্কিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় ইতোমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি দেশবাসীকে জানানো হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ সদর উপজেলার একটি কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করেন মন্ত্রী। পরবর্তীতে মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।