জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে জানিয়েছেন, তার ব্যক্তিগত এবং রাষ্ট্র হিসেবে তুরস্কের সামর্থ্যের মধ্যে যা কিছু রয়েছে, তার সবটুকুই তিনি বাংলাদেশের কল্যাণে কাজে লাগাবেন। কোথায় কী ধরনের সহযোগিতার প্রয়োজন, তা কেবল তাকে জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন।
রোববার প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের জনগণের নেতা হিসেবে অভিহিত করার পাশাপাশি একজন মূল্যবান ভ্রাতা হিসেবে সম্বোধন করেছেন। এরদোয়ান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজনের জায়গাগুলো চিহ্নিত করে আহ্বান জানালেই তুরস্ক সর্বোচ্চ সহায়তা নিয়ে এগিয়ে আসবে।
বৈঠকের কূটনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে হুমায়ুন কবির উল্লেখ করেন, বহুপক্ষীয় কোনো আন্তর্জাতিক ফোরামে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব সীমিত সংখ্যক সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এবারের সম্মেলনেও এরদোয়ান মাত্র তিন থেকে চারটি বা তার সামান্য বেশি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে সম্মেলনের প্রথম দিনেই অন্যতম আকর্ষণীয় এবং ফলপ্রসূ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনার মধ্য দিয়ে ঢাকা ও আঙ্কারার মধ্যকার বিদ্যমান সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা আগামীতে একটি গভীর কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
দুই শীর্ষ নেতার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে একটি যৌথ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহ ও অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে আন্তর্জাতিক জনমত ও সহযোগিতা গড়ে তোলার বিষয়ে উভয় নেতা ইতিবাচক আলোচনা করেছেন।