মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান যাচাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এসব প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
সাভারে ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, টেকসই শিক্ষার ভিত তৈরিতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে সরকার দেশের শিক্ষ খাতে বরাদ্দ উত্তরোত্তর বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ শিক্ষা বাজেটে বরাদ্দ করা হয়েছে, যা পরবর্তীতে পাঁচ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এই পদক্ষেপে বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান গবেষণা তহবিলের সংকট দূর হবে।
তিনি আরও জানান, কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে উচ্চশিক্ষালয়গুলোকে গবেষণাভিত্তিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেসরকারি খাতে গবেষণার আওতা ও সুযোগ প্রসারে ইউজিসিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিদেশে অবস্থানরত দেশীয় গবেষক ও শিক্ষকদের সাফল্য স্মরণ করে তিনি 'রিভার্স ব্রেইন ড্রেইন'-এর ওপর জোর দেন। প্রবাসে সফল বাংলাদেশি মেধা ও বিশেষজ্ঞদের দেশে ফিরিয়ে এনে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর আলোকপাত করা হয়। একই সাথে দেশে একটি বিশেষায়িত পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।