এস আলম গ্রুপের স্থগিত হওয়া সকল শিল্পকারখানা অবিলম্বে সচল করে হাজার হাজার চাকরিচ্যুত শ্রমিক ও কর্মকর্তাদের কর্মসংস্থান পুনর্বহালের জোর দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। একইসঙ্গে কারখানা পুনরায় চালু করার পর পূর্বের সকল কর্মীকে নিজ পদে বহাল রাখা, ব্যাংক হিসাব এবং ঋণসংক্রান্ত যাবতীয় জটিলতার অবসান ঘটানো এবং উৎপাদনের চাকা সচল রাখতে প্রয়োজনীয় চলতি মূলধন সরবরাহের দাবি জানানো হয়। আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে এক সপ্তাহের ব্যবধানে সরকার, কারখানা মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করা। স্মারকলিপিতে ভুক্তভোগী কর্মীরা উল্লেখ করেন, গত ২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এস আলম গ্রুপের বিভিন্ন উৎপাদনমুখী কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনযাত্রায় গভীর সংকট নেমে এসেছে। তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে কলকারখানার উৎপাদন প্রক্রিয়া সচল রাখলেও কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক পরিস্থিতির বলি হয়ে তারা আজ কর্মহীন। যার ফলে শ্রমিক ও তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।
শ্রমিকরা আরও জানান, কারখানা চালুর বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো চূড়ান্ত ও স্থায়ী সমাধান মেলেনি। মালিকপক্ষের ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুরের কঠোর নীতির কারণে ব্যাংকগুলো এস আলম গ্রুপের ঋণ ও ব্যবসায়িক হিসাব অবরুদ্ধ বা বন্ধ করে দেয়। এর ফলে পর্যাপ্ত চলতি মূলধন ও কাঁচামালের চরম সংকট তৈরি হওয়ায় প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে উৎপাদন কার্যক্রম স্থগিত করে। ব্যাংকগুলোর হিসাব ও ঋণ সংক্রান্ত জট কাটলেই কারখানাগুলো চালু করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মালিকপক্ষ জানিয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ থাকা অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করে শ্রমিকরা অভিযোগ করেন, অন্যান্য বড় শিল্পগোষ্ঠীর ক্ষেত্রে বিশেষ ছাড় বা সহযোগিতা দেওয়া হলেও এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর বেলায় সেই ধরনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ব্যাংক খাতের অসহযোগিতা ও পেশাদারিত্বের অভাবের কারণে দেশের অন্যতম শীর্ষ এই শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলো আজ স্থবির হয়ে পড়েছে বলে তারা দাবি করেন। একসময়ের ২৪ ঘণ্টা মুখর থাকা কারখানাগুলোতে বর্তমানে সুনসান নীরবতা বিরাজ করছে এবং দীর্ঘ আড়াই বছরের বেকারত্বের অভিশাপে হাজার হাজার শ্রমিক পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছে। সন্তানদের লেখা পড়ার খরচ চালানো, চিকিৎসা এবং মৌলিক চাহিদা মেটানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া বয়সের সীমা পার হয়ে যাওয়ায় নতুন কর্মসংস্থান পাওয়াও তাদের জন্য দুরূহ হয়ে উঠেছে।
পাঁচ দফা দাবিনামার মধ্যে রয়েছে এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা দ্রুত চালু করা, পূর্বের শ্রমিকদের চাকরিচ্যুত না করে পুনর্বহাল করা, ব্যাংক হিসাব ও ঋণ জট নিরসনপূর্বক পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠান যেন বন্ধ না থাকে তা নিশ্চিত করা এবং আগামী সাত দিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করা। এদিকে স্মারকলিপি প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে চাকরিচ্যুত শ্রমিক ও কর্মচারীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ বেকারত্ব ও লাগাতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে তারা জানান।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সরকার দেশের বন্ধ থাকা সব কলকারখানা দ্রুততম সময়ের মধ্যে সচল করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।