শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে 'জাতীয় ছাত্রশক্তি' এই নবীনবরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার আয়োজন করে।

কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, কোনো ডিসেম্বরেই 'আপা'র স্বদেশে ফিরে আসার বিন্দুমাত্র সুযোগ নেই।

আর যদি তিনি চলেও আসেন, তবে তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে 'জাতীয় ছাত্রশক্তি' এই নবীনবরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে এই বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ছাত্রসমাজ ও বিদ্যাপীঠগুলো এখনো সজাগ ও সতর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তার পরিধি কেবল নোয়াখালী বিভাগ দাবির মতো আঞ্চলিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সমগ্র দেশ ও বিশ্ব নিয়ে ভাবার আহ্বান জানান তিনি।

আগামী ডিসেম্বর মাসে বিশেষ কারও দেশে ফেরার যে গুঞ্জন উঠেছে, সে প্রসঙ্গে তিনি উপস্থিত ছাত্র-জনতার প্রস্তুতির কথা জানতে চান। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময়ের মতো সবাই এখনো প্রস্তুত কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে এবারের প্রতিরোধ আগের চেয়েও আরও জোরালো হবে।

বিচারহীনতার তীব্র ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, অতীতে তারা চরম উদারতা দেখিয়েছিলেন এবং শত্রুর প্রতিও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত দুই বছরে ওসমান হাদী কিংবা জুলাইয়ের আন্দোলনে নিহত ভাই-বোনদের হত্যার কোনো বিচার তারা পাননি। তার মতে, সাধারণ মানুষ যখন আইনি বঞ্চনার শিকার হয় এবং কাঙ্ক্ষিত বিচার পায় না, তখন তারা নিজেরাই নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়।

বক্তব্যের শেষাংশে তিনি ডিসেম্বরকে চিরন্তন অর্জনের মাস হিসেবে আখ্যায়িত করেন। একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে চব্বিশ এবং আসন্ন ছাব্বিশ সালের বিজয়ের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতের প্রতিটি ডিসেম্বরেই এদেশের ছাত্র-জনতা জয়লাভ করবে। তাই এই বিজয়ের মাসে 'আপা'র দেশে আসার কোনো পথ খোলা নেই, আর সেই দুঃসাহস দেখালে তার চূড়ান্ত পরিণতি হবে ফাঁসির মঞ্চ।