বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

আখতারুজ্জামানের প্রতিবাদ আমলে না নিয়ে সরকার ‘নোংরামি’ করেছে: জামায়াত আমির

বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকৃতি না দিয়ে সরকার ‘নোংরামি’ করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির শফিকুর রহমান। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে তাঁর ছেলের ওপর হামলার সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তাঁরা জানেন না বলে জানিয়েছেন।

আখতারুজ্জামানের প্রতিবাদ আমলে না নিয়ে সরকার ‘নোংরামি’ করেছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকৃতি না দিয়ে সরকার ‘নোংরামি’ করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির শফিকুর রহমান। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে তাঁর ছেলের ওপর হামলার সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তাঁরা জানেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আখতারুজ্জামানের আহত ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুর রহমান।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি রানার ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা করে তাঁদের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার আহ্বান জানান।

বুধবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা বাজারে হামলার শিকার হন রানা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় কয়েকটি হাসপাতালে নেওয়ার পর তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিকদের শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান এলাকায় সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরির জন্য একটি বড় মাঠ করে দিয়েছেন। কিছুদিন ধরে মাদকচক্রের সদস্যরা সেখানে গিয়ে উৎপাত করছিলেন। রানা এর আগে মাদকসেবীদের সতর্ক করেছিলেন।

জামায়াত আমিরের অভিযোগ, বিমানবন্দরের অনিয়ম এবং ‘একটি চরম অন্যায় ও চুরি চামারির’ প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে গত ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলার অভিযোগে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি; বরং নিজের অধিকার এবং সাধারণ যাত্রীদের অধিকার নিয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে যে নিষ্ঠুর আচরণ করা হয়, তারই জোরালো প্রতিবাদ করেছিলেন তিনি।

আখতারুজ্জামানের গ্রেপ্তারের সঙ্গে তাঁর ছেলের ওপর হামলার কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নের বিষয়ে শফিকুর রহমান বলেন, “আমরা জানি না তার ছেলের ওপর আঘাতের কোনো যোগসূত্র আছে কি না।”