দেশের প্রাণিসম্পদ খাতের বিকাশ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সামর্থ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলার প্রাঙ্গণে আয়োজিত এই সপ্তাহের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবারের কর্মসূচি সাজানো হয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহকে কেন্দ্র করে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী বর্ণাঢ্য প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী পর্বের মূল আকর্ষণ হিসেবে প্রাণিসম্পদ খাতের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩ জনকে জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত করবেন প্রধানমন্ত্রী।
রাজধানীর পাশাপাশি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নানামুখী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হবে।