শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ৮

রাতভর চলা এ অভিযানে ক্ষেপণাস্ত্র ছাড়াও দুই শতাধিক ড্রোন দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ৮
জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মস্কো। মঙ্গলবার সংঘটিত এই সাঁড়াশি আক্রমণে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কিয়েভ প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, যুদ্ধক্ষেত্রের সম্মুখসারির পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অবকাঠামোকে নিশানা করে হামলার মাত্রা সম্প্রতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি অভিযোগ তুলেছেন, উৎপাদন কারখানা, বাণিজ্যিক কেন্দ্র, কৃষি খামার, সরবরাহ চ্যানেল, রেল যোগাযোগ, বিদ্যুৎ অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের আবাসস্থলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, রাতভর চলা এ অভিযানে ক্ষেপণাস্ত্র ছাড়াও দুই শতাধিক ড্রোন দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়।

আঞ্চলিক গভর্নরদের বিবরণ অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্কের দনিপ্রো, ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পকেন্দ্রে মুহুর্মুহু আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে দনিপ্রোয় পাইপ প্রস্তুতকারক শীর্ষ প্রতিষ্ঠান ইন্টারপাইপের একটি ইউনিটে বিস্ফোরণে চারজন নিহত ও সাতজন জখম হন। এ ছাড়া খেরসনে দুজন, ওদেসা বন্দরের সন্নিকটে একজন এবং সম্মুখসারির পূর্ব দোনেৎস্কের ক্রামাতোরস্কে বিমান হামলায় আরও এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খারকিভের ইজিয়ুম শহরে চালানো বোমাবর্ষণে আহত হয়েছেন আরও সাতজন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম তৈরি, জ্বালানি খাত ও সামরিক নৌযানের নোঙরস্থল ধ্বংস করতেই তারা এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের গভীরে নিজেদের দূরপাল্লার ড্রোন অপারেশন জোরদার করেছে। ইউক্রেনীয় সীমান্ত থেকে ১ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগারে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভের সামরিক বাহিনী। একই দিনে ভলগা নদীর তীরবর্তী সামারা অঞ্চলের কুইবিশেভ তেল শোধনাগারেও আঘাত হানা হয়, যেখানে একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রুশ গভর্নর। তবে বরাবরের মতো এবারও উভয় পক্ষই বেসামরিক জনগোষ্ঠীর ওপর সরাসরি হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে।

সূত্র : রয়টার্স