ভোটের শেষ ভাগে দেশবাসীর প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ ইসলাম আরও লেখেন, “এরইমধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।”
তিনি আহ্বান জানান, “বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন।”
ভোটাধিকার রক্ষার বিষয়েও সতর্কবার্তা দেন এনসিপি আহ্বায়ক। তিনি লেখেন, “ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এদিকে বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।