বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে প্রচার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিনেত্রীর অনুমতি না নিয়েই তার বিভিন্ন সময়ের জনপ্রিয় লুকগুলো ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের পোশাকের বিজ্ঞাপন চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্তদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই পাকিস্তানি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও প্রচারণায় আলিয়ার বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। ছবিগুলোতে তাকে বিভিন্ন রঙের রেশমি পোশাকে দেখা গেলেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে, এগুলো আসল ছবি নয় বরং এআই দিয়ে তৈরি করা হয়েছে। মূলত আলিয়ার লরিয়াল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের মূল ছবিগুলোকে প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে নিজেদের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের বর্ণনায় তারা এমন দাবিও করেছে যে, আলিয়া নিজেও এই পোশাকগুলো পছন্দ করবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আলিয়ার ভক্তরা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বিষয়টিকে স্রেফ ‘প্রতারণা’ এবং ‘নিম্নমানের বিপণন কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেক অনুরাগী অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
সাম্প্রতিক সময়ে বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠস্বর বা ছবি বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ব্যক্তিগত স্বত্ব ও অধিকার রক্ষায় অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক তারকা ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন। আলিয়ার ক্ষেত্রে এমন প্রযুক্তিগত জালিয়াতির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও তারকাদের আইনি সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।