শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আলজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার দলে স্বস্তির খবর

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা শিবিরে এসেছে স্বস্তির বার্তা। চোটের কারণে দলের বাইরে থাকা নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস আবারও অনুশীলনে ফিরেছেন। বুধবার আলজেরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে দল।

কোচ লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে সোমবার কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করে আর্জেন্টিনা। সেখানে পারেদেস নিজের ফিটনেস পরীক্ষা করতে একটি অনুশীলন ম্যাচেও অংশ নেন। তার এই অংশগ্রহণ পুরোপুরি মাঠে ফেরার বিষয়ে আশাবাদ তৈরি করেছে।

গত মাসে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পারেদেস। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

অন্যদিকে, হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়ার পর থেকে আলাদা অনুশীলন করছিলেন নিকোলাস তালিয়াফিকো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, জিম ও ফিজিওথেরাপি সেশনের মাধ্যমে তিনি ধীরে ধীরে উন্নতি করছেন এবং তার অগ্রগতি সন্তোষজনক।

তবে তালিয়াফিকোকে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী মেডিকেল পরীক্ষার পর। পরীক্ষার ফলাফল দেখেই তাকে স্কোয়াডে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচ স্কালোনি।

এদিকে দলের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের চোট পরিস্থিতি নিয়েও আপডেট প্রকাশ হওয়ার কথা রয়েছে। গোড়ালির সমস্যার পর তিনি ইতোমধ্যে পূর্ণ অনুশীলনে ফিরেছেন।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চোটের কারণে কোনো খেলোয়াড়কে স্কোয়াড থেকে পরিবর্তনের সুযোগ রয়েছে।