বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ছাত্রদল নেতাদের ছাত্রত্ব ও দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থান নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ছাত্রদল নেতাদের ছাত্রত্ব ও দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থান নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ছাত্রদলের নেতৃত্বকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে, তারা এখন আর কেবল সিনিয়র নন বরং ক্যাম্পাসের ঐতিহ্যে পরিণত হয়েছেন। হাস্যরসাত্মক স্বরে তিনি আরও বলেন, তাদের জাদুঘরে রাখলে সাধারণ মানুষ টিকিট কেটে দেখতে আসত।

সালাহউদ্দিন আম্মার তার পোস্টে নিজের শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ের সাথে ছাত্রদল নেতাদের শিক্ষাবর্ষের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ছাত্রদলের বর্তমান সভাপতি যখন ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী, তখন তিনি শৈশবে মক্তবে প্রাথমিক পাঠ গ্রহণ করছিলেন। একইভাবে সংগঠনের সাধারণ সম্পাদক ২০০৭-০৮ সেশনের ছাত্র থাকাকালীন তিনি টিফিনের বিস্কুট পাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের উদাহরণ টেনে তিনি বলেন, ২০১০-১১ সেশনের সভাপতির সময়ে তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন এবং ২০১১-১২ সেশনের সাধারণ সম্পাদকের সময়ে তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

রাকসুর জিএস তার বক্তব্যে আরও জানান, তিনি পিএসসি, জেএসসি এবং আলিম পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন কর্মজীবনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তার মতে, তিনি জীবনের একটি পূর্ণাঙ্গ পর্যায় পার করে ফেললেও ছাত্রদল নেতারা এখনো ক্যাম্পাসে পুরনো সংস্করণ হিসেবেই রয়ে গেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তিনি ক্যাম্পাস থেকে বিদায় নেবেন, অথচ তৎকালীন নেতারা তখনও নতুন শিক্ষার্থীদের কাছে নিজেদের জ্যেষ্ঠতা দাবি করে যাবেন।

জানা গেছে, সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে 'আদুভাই' ও 'গুপ্ত' ট্যাগ নিয়ে চলমান বাদানুবাদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সালাহউদ্দিন আম্মারকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছিলেন। মূলত সেই ঘটনার প্রতিক্রিয়া জানাতেই রাকসু জিএস আজ ছাত্রদলের নেতৃত্বের বয়স ও ছাত্রত্ব নিয়ে এমন তীর্যক মন্তব্য করেন।