বিশ্বকাপের উত্তাপ মাঠে গড়ানোর আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ভিন্নধর্মী আয়োজন। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও বিভিন্ন আইনগত সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজারের এক আইনজীবী।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দেশীয় ফুটবলপ্রেমীদের মধ্যে নানা ব্যতিক্রমী উদ্যোগ দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া আর্জেন্টিনা সমর্থকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘অফার! অফার! আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আইনি পরামর্শ ও আইনি যে কোনো সার্ভিস ফ্রি।’
ঘোষণার বিষয়ে শিপ্ত বড়ুয়া জানান, আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা এবং সমর্থকদের প্রতি আন্তরিকতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আর্জেন্টিনা সমর্থকরা প্রয়োজনীয় আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন ধরনের আইনগত সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
এদিকে তার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে বিশ্বকাপ উপলক্ষে একটি অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই এমন ঘোষণায় আর্জেন্টিনা ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।