আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ক্ষণগণনা শুরু হতে না হতেই বরাবরের মতো দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
এই ফুটবল আবেগের অংশ হিসেবে প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে চট্টগ্রামের জুলধা ইউনিয়নে মৌমাছির আক্রমণের শিকার হয়ে এক যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে একটি বড় পতাকা উঁচুতে টাঙানোর চেষ্টা করছিলেন হৃদয় নামের এক তরুণ। ওই সময় অসাবধানতাবশত সেখানে থাকা একটি মৌমাছির চাকে ঝাঁকুনি লাগলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং শরীরের বিভিন্ন অংশে হুল ফুটিয়ে জখম করে।
ঘটনার পর পর ওই সমর্থককে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। জুলধা অঞ্চলের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌমাছির কামড়ে আহত হয়ে হৃদয় নামের ওই যুবক তার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। তার শরীরের বেশ কয়েকটি স্থানে মৌমাছি কামড়ে দিলেও সময়মতো প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান যে, বর্তমানে আক্রান্ত ওই ফুটবল সমর্থক সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, আগামী এগারোই জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের। আর এই বৈশ্বিক আয়োজনকে কেন্দ্র করে দেশের প্রতিটি প্রান্তে সমর্থকদের মধ্যে এখন সাজসাজ রব বিরাজ করছে।