বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ

নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ
ছবিঃ সংগৃহীত

নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আসিফ মাহমুদ জানান, তার ব্যক্তিগত দুটি ব্যাংক হিসাবে বর্তমানে মোট ৯ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা জমা রয়েছে।

হিসাবের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, সোনালী ব্যাংকে তার সঞ্চয়ী হিসাবে ৯ হাজার ৯৩০ টাকা এবং সরকারি দায়িত্ব পালনকালীন বেতন হিসাবে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা জমা আছে। তিনি উল্লেখ করেন, ১৬ মাসের দায়িত্ব পালনকালে প্রাপ্ত বেতন, ভাতা এবং বিদেশ সফরের টিএ/ডিএ বাবদ অর্থ এই হিসাবে জমা হয়েছে, যার বাইরে অন্য কোনো উৎস থেকে কোনো অর্থ আসেনি। এছাড়া তার বাবার পাঁচটি হিসাবে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা জমা থাকলেও ১০ লাখ টাকার ঋণের বিপরীতে তিনি এখনো দেনায় রয়েছেন বলে জানান আসিফ। তার মায়ের হিসাবে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর হিসাবে ৬১৩ টাকা জমার তথ্যও তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাবের তথ্য তলব করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। তার দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে তার প্রার্থিতার খবর আসার পর থেকেই একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু করেছে। বিএফআইইউ ৫৬ জনের তথ্য চাইলে কেবল তার বিষয়টিই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে, যা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অপপ্রচারকেও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, তার কোনো কিছু লুকানোর নেই এবং স্বচ্ছতা বজায় রাখতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। প্রয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার আর্থিক লেনদেনের রেকর্ড যাচাই করার আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান এই তরুণ নেতা।