জনপ্রিয় বিদেশি টিভি সিরিজের ভাষা ও ভিজ্যুয়াল হঠাৎই উঠে এসেছে দেশের রাজনৈতিক প্রচারণায়। সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলতে দেখা গেছে ব্যতিক্রমধর্মী কিছু ব্যানার, যেখানে লেখা রয়েছে—‘আওয়ার দাদু ইজ কামিং’। এসব ব্যানারে স্থান পেয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি।
গত দুদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় এসব ব্যানার নজরে আসে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জিন্দাবাজার এলাকার বৈদ্যুতিক খুঁটি, চৌহাট্টা পয়েন্টসহ একাধিক স্থাপনায় ব্যানারগুলো ঝুলতে দেখা যায়।
ব্যানারের স্লোগানটি নেওয়া হয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোন্স’-এর বহুল পরিচিত সংলাপ থেকে। সিরিজের শুরুতেই ব্যবহৃত ‘উইন্টার ইজ কামিং’ বাক্যটিকে রূপান্তর করে এখানে লেখা হয়েছে ‘আওয়ার দাদু ইজ কামিং’।
ব্যানারের নকশাতেও সিরিজটির প্রভাব স্পষ্ট। সেখানে ডা. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা ‘গেম অব থ্রোন্স’-এর চরিত্র জন স্নোর তলোয়ার ধারণের ভঙ্গির সঙ্গে মিল রাখে। ব্যাকগ্রাউন্ডে তুষারপাতের আবহ এবং নেকড়ের ছবি ব্যবহার করা হয়েছে, যা সিরিজটির প্রতীকী দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
আগামী শনিবার সিলেটে নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই দিন বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে সফল করতে জামায়াতে ইসলামী নগরজুড়ে প্রচার কার্যক্রম চালাচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানো হয়েছে।
এই প্রচারণার মধ্যেই নগরের বিভিন্ন মোড়ে চোখে পড়ছে এসব ব্যতিক্রমী ফেস্টুন। ফেস্টুনগুলোতে ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় জনসভার তথ্য উল্লেখ করা হয়েছে। নিচে লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব’।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, এসব ফেস্টুনের বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নয়। কে বা কারা এগুলো টানিয়েছে, সে সম্পর্কেও তাদের কাছে কোনো তথ্য নেই।
এর আগেও চট্টগ্রামে ‘গেম অব থ্রোন্স’-এর আদলে ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার দেখা গিয়েছিল। নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় সেসব ব্যানার ঘিরে তখন ব্যাপক আলোচনা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। সে সময় জামায়াত-শিবিরের নেতারা দাবি করেছিলেন, এর সঙ্গে দলের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে খোঁজ করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়, যেখানে একই ধরনের নানা ছবি ও পোস্ট ছড়িয়ে রয়েছে। অনেকেই সেগুলো শেয়ার করছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।
উল্লেখ্য, ‘গেম অব থ্রোন্স’ সিরিজের শুরুতেই দর্শকদের এমন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে ভয়াল শীত, দ্য ওয়ালের ওপার থেকে আসা অজানা বিপদ এবং রহস্যময় হোয়াইট ওয়াকারদের হুমকি তুলে ধরা হয়। স্টার্ক পরিবারের মূলমন্ত্র ‘উইন্টার ইজ কামিং’ মূলত সতর্কবার্তা ও দায়িত্বের প্রতীক। ওয়েস্টেরসে শীতের আগমন যেমন বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, তেমনি বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসে—যা এই সিরিজকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।