শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলাদেশ ইস্যুতে আজ আইসিসি–বিসিসিআই বৈঠক

টি২০ বিশ্বকাপ সামনে রেখে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ। এ অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই চিঠির আনুষ্ঠানিক জবাব এখনো হাতে পায়নি বোর্ড।

বাংলাদেশ ইস্যুতে আজ আইসিসি–বিসিসিআই বৈঠক

টি২০ বিশ্বকাপ সামনে রেখে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ। এ অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই চিঠির আনুষ্ঠানিক জবাব এখনো হাতে পায়নি বোর্ড।

গতকাল শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির উত্তর এখনও আসেনি, তবে শিগগিরই সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরম্যান্স নিয়েও দৃঢ় আস্থা প্রকাশ করেন তিনি।

এদিকে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনের আগেই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজতে আজ রোববার আইসিসি চেয়ারম্যান জয় শাহ বৈঠকে বসছেন টি২০ বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিষয়টি সহজে মীমাংসা করা জয় শাহর জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, আইসিসিকে পাঠানো প্রথম চিঠিতে বাংলাদেশ স্পষ্ট জানায়—তারা ভারতে গিয়ে খেলবে না। দ্বিতীয় চিঠিতে বিসিবি আরও কঠোর অবস্থান নেয় এবং জানায়, বিষয়টি এখন আর শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। ফলে সমস্যার সমাধান আরও জটিল হয়ে উঠেছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়, যে করেই হোক বিশ্বকাপের হিসাব থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাই বিসিসিআইয়ের প্রভাবশালী কর্তা হিসেবে নয়, বরং আইসিসির নিরপেক্ষ প্রশাসক হিসেবেই এই সংকট সামলাতে হবে জয় শাহকে।

সংবাদ সম্মেলনে আইসিসির জবাব প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন,
‘আমরা এখনও কোনো সাড়া পাইনি। আমরা ওটা (মেইল) পাঠিয়েছি, যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট বা ইনফরমেশন দেওয়ার, আমরা সব দিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদের কী জানায়।’

দ্রুত জবাব আসতে পারে বলেও আশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন,
‘সহজ অঙ্ক হিসাব করলে, আজ ও কাল (শনি ও রোববার) দুবাই বন্ধ। তাই সোম-মঙ্গলের দিকে হয়তো... তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

তবে তিনি জানান, আইসিসি ইতোমধ্যে বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে—কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের ম্যাচ অন্য কোনো ভারতীয় ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এ সম্ভাবনা নাকচ করে দিয়ে আমিনুল ইসলাম বলেন,
‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আমরা যে অবস্থানে ছিলাম, সেখানেই আছি।’

এই অনিশ্চয়তার মধ্যেও টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। তাঁর বিশ্বাস, আইসিসি পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিও থেমে নেই বলে জানান তিনি।

দল প্রস্তুতি প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন,
‘সব থেকে বড় প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে দল নির্বাচন। সে কাজটা হয়ে গেছে।’

বাংলাদেশ দলের সক্ষমতা তুলে ধরে তিনি আরও বলেন,
‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের একটা বড় দল। ১০ বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলেছি, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছি, ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে আমরা দারুণ খেলেছি। এই বিশ্বকাপেও বাংলাদেশ ভালো খেলবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই বড় দল।’