শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশ যে অটল, তা পুনরায় তুলে ধরা হয়। এই অবস্থানের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাব্য সিদ্ধান্ত।

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও
ছবিঃ সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশ যে অটল, তা পুনরায় তুলে ধরা হয়। এই অবস্থানের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাব্য সিদ্ধান্ত।

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার প্রশ্নে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি বাংলাদেশের দাবি পূরণ না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে পিসিবি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারত সফরে দল না পাঠানোর ইস্যুতে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ বিষয়ে বিসিবি কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জিও নিউজের প্রতিবেদনে পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া ছাড়া বিশ্বকাপ আয়োজন করা হয়, তাহলে পাকিস্তানও টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না—সে সিদ্ধান্ত নতুন করে ভাববে। পাকিস্তানের মতে, বাংলাদেশের দাবি যৌক্তিক এবং তা মেনে নেওয়া উচিত।

এদিকে পিসিবির পক্ষ থেকে আগেই স্থানীয় গণমাধ্যমকে জানানো হয়েছিল, বাংলাদেশের দাবি উপেক্ষা করে যদি ভারতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়, তাহলে পাকিস্তান এমন পদক্ষেপ নিতে পারে, যা সবাইকে বিস্মিত করবে।