বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশে নষ্ট রাজনীতির অবসান চান ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ আসনে নির্বাচনী প্রচারে নেমে পুরোনো রাজনৈতিক ধারার কড়া সমালোচনা করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এবার পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার বিকল্প নেই।

বাংলাদেশে নষ্ট রাজনীতির অবসান চান ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ আসনে নির্বাচনী প্রচারে নেমে পুরোনো রাজনৈতিক ধারার কড়া সমালোচনা করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এবার পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার বিকল্প নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, “নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা চাই পরিবর্তনের রাজনীতি।”

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে বলে তিনি সতর্ক করেন।

নিজ এলাকার দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, “দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।”

তিনি আরও বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি চালু রেখে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এ কারণে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এবি পার্টির পক্ষে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।