নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারেও। সেই পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরটি পূর্বনির্ধারিত জুন-জুলাই সময়সূচি থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে আন্তর্জাতিক নারী ক্রিকেটের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হয় অস্ট্রেলিয়া।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের জায়গায় অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড নারী দল। এরপর মার্চ মাসে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে।
আগের সূচি অনুযায়ী, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজ বহাল রাখা হলেও টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে।
এদিকে, নিউজিল্যান্ড নারী দলের অস্ট্রেলিয়া সফরেও পরিবর্তন আনা হয়েছে। আগে তাদের সফর নির্ধারিত ছিল ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। নতুন সূচি অনুযায়ী, তারা ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই তারিখগুলোতেই মূলত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল।
এরপর মার্চে আবার অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড নারী দল। ওই সফরে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।