নিজ জেলা বগুড়া সফরে গিয়ে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১১টার দিকে তিনি এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন। এটি সরকারপ্রধান হিসেবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক জেলা সফর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সংশ্লিষ্ট ভবনের নির্মাণ ব্যয় নির্বাহে সরকারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে সমিতির লাইব্রেরির জন্য প্রয়োজনীয় বই ক্রয়ে আরও ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে সফরের উদ্দেশ্যে সোমবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টার কিছু পরে তিনি বগুড়া সীমানায় পৌঁছান। সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। একই সময়ে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার। উদ্বোধনী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।