দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কারের আদেশ পাওয়া তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। এ সময় তিনি জানান, বহিষ্কার হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল।
প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকেই। যাঁর আদর্শে রাজনীতি করেছেন এবং যাঁর স্নেহ-আশ্রয়ে এই পর্যন্ত এসেছেন, সেই নেত্রীর প্রয়াণের দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় বলে মনে করেন না।
খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি—তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’
বহিষ্কৃত এই বিএনপি নেত্রী আরও বলেন, ‘আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এইটা তো একধরনের আপসহীনতা; জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপস না করে একা দাঁড়িয়ে যাওয়া—আমি উনার কাছ থেকে শিখেছি।’
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার রুমিন ফারহানাসহ মোট ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
এর আগে সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।