বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। এছাড়া পিতা-মাতার ভরণপোষণ আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে গুরুত্ব দেওয়া হবে।”
নারী শিক্ষার প্রসারে তিনি আশ্বাস দেন, “বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে।”