বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ঢাকা পর্ব শুরু হলে মাইক্রোফোন হাতে মাঠে নামার কথা ছিল তাঁর, তবে নির্ধারিত সময়ে তিনি বাংলাদেশে আসেননি।

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ঢাকা পর্ব শুরু হলে মাইক্রোফোন হাতে মাঠে নামার কথা ছিল তাঁর, তবে নির্ধারিত সময়ে তিনি বাংলাদেশে আসেননি।

বিপিএল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিধিমার পরিবর্তে পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাসকে উপস্থাপনা প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তিনি বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও রয়েছে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি। পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা ছাড়াও ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ টুর্নামেন্টে ধারাভাষ্য দিচ্ছেন।

রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন প্রভাব ফেলেছে বলে ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি আরও আলোচনায় আসে। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুরকে দলে না রাখার নির্দেশ দেয়।

এই ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে উত্তেজনার আবহ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে, মাঠের বাইরের কূটনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব যে বিপিএলের উপস্থাপনা প্যানেল পর্যন্ত গড়িয়েছে, তা স্পষ্ট হয়ে উঠছে।