বিপিএলের দ্বাদশ আসরের গ্রুপ পর্বের পর্দা নামল, আর নিশ্চিত হয়ে গেলো প্লে-অফের সেরা চার দল। নানা নাটকীয়তা, বর্জন এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে ঢাকা ক্যাপিটালস এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
গ্রুপ পর্বের ১০ ম্যাচে ৮ জয় এবং ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তালিকার শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৬ জয় এবং ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিয়ম অনুযায়ী, এই দুই দল মুখোমুখি লড়বে প্রথম কোয়ালিফায়ারে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই সরাসরি ফাইনালের লড়াই। জয়ী দল সরাসরি ফাইনালে যাবে, আর পরাজিত দল পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সুযোগ।
লিটন দাসের নেতৃত্বে রংপুর রাইডার্স ১০ ম্যাচে ৬ জয় পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারণে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। চতুর্থ স্থানে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স, যারা ১০ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট অর্জন করেছে। ২০ জানুয়ারি দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও সিলেট। এটি হবে ‘বাঁচা-মরার’ লড়াই; জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দল বিদায় নেবে।
এদিকে, গ্রুপ পর্বে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস, ১০ ম্যাচে মাত্র ৩ জয় ও ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিদায় নিয়েছে। প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস ১০ ম্যাচে ২ জয় ও ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে বিদায় জানিয়েছে।