বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। শুধু তাই নয়, শিরোপা জিততে পারলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু শরীরে আঁকানোর ঘোষণাও দিয়েছেন এই স্প্যানিশ তারকা।
মাত্র ২৭ বছর বয়সী কুকুরেয়ার মতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর যদি বিশ্বকাপও জেতা যায়, তাহলে আন্তর্জাতিক ফুটবলে আর অর্জনের কিছুই অবশিষ্ট থাকবে না। তাই সেই মুহূর্তেই জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনা তার।
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে স্পেনের ফাইনালে ওঠার পথে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুকুরেয়া। ২০২৪ সালের ইউরো জয়ের পর এবার বিশ্বকাপ শিরোপা জিততে পারলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় দুই ট্রফিই নিজের ঝুলিতে থাকবে তার।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, “আমরা যদি বিশ্বকাপ জিতি, আমি লুইসকে পরের দিনই ফোন করে বলব আর আমাকে দলে না রাখতে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর বিশ্বকাপ জেতার পর আমার এর চেয়ে ভালো কিছু করার থাকবে না।”
অবসরের ঘোষণার পাশাপাশি কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি কৃতজ্ঞতা জানাতে একটি ব্যতিক্রমী সিদ্ধান্তও নিয়েছেন তিনি। বিশ্বকাপ জিতলে কোচের মুখের ট্যাটু করাবেন বলে জানিয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
ফক্স স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, “বিশ্বকাপ জিতলে আমি আমার বাইসেপে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের একটা ছোট ট্যাটু আঁকিয়ে নেব।”
এখন দেখার বিষয়, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেন শিরোপা জিততে পারে কি না। সফল হলে কুকুরেয়া কি সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে কোচের মুখের ট্যাটু আঁকাবেন, নাকি স্বপ্ন পূরণে আরও কিছুদিন জাতীয় দলের জার্সিতেই দেখা যাবে তাকে।